কোচবিহার, ২০ নভেম্বর (হি.স.): ফের আক্রমণাত্মক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের কোনও কর্মীর গায়ে হাত পড়লে বিজেপি কর্মীদের ঘর থেকে বার করে মারধরের হুঁশিয়ারি মন্ত্রীর। সোমবার কোচবিহারের দিনহাটা থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কথায়, আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। ঘর থেকে বার করে বিজেপি কর্মীদের মারধর করা হবে। স্পষ্টভাবে একথাটা জানিয়ে গেলাম।
রাজ্যের একজন মন্ত্রী হিসেবে এভাবে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া যে উচিত নয়, তাও স্বীকার করে নিয়েছেন উদয়ন। তিনি বলেন, মন্ত্রী হিসেবে এই ধরনের মন্তব্য করা হয়তো আইনের খেলাপ করা, তবু আমি এটা বলতে বাধ্য হচ্ছি।
১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোমবার কোচবিহারের দিনহাটায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। সেখান থেকেই বিজেপি কর্মীদের উদ্দেশে এই হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন। মিছিলে হাঁটা কর্মীদের সুরক্ষার স্বার্থেই তাঁর এই হুঁশিয়ারি বলেও দাবি মন্ত্রীর।
হিন্দুস্থান সমাচার/ অশোক
