পাথরপ্রতিমা, ২৮ জুন (হি. স.) : শনিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা থানা এলাকায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় ৩ জন বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা হল যথাক্রমে – দীপঙ্কর মন্ডল (১৮), সুব্রত মন্ডল (২৩), মোঃ মোস্তাকিম মন্ডল (৩২)। ওই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম আরেক আরোহী। সঞ্জয় মন্ডল (২৫), গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আপাতত চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তের পর দক্ষিণ ২৪ পরগণা জেলার পুলিশ জানিয়েছে, এদিন ভোরের দিকে আনুমানিক সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায়। এদিকে, পাথরপ্রতিমা থানার পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ও জখম যুবকেরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনের শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার পিফা রাঘবপুর এলাকায় তাদের বাড়ি। দীপঙ্কর মন্ডল, সুব্রত মন্ডল, সঞ্জয় মন্ডল ও মাটিয়া থানার সঙ্ঘবেড়িয়া এলাকার বাসিন্দা ও মোঃ মোস্তাকিম মন্ডল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনে শ্রমিকের কাজ করে। এদিন ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ একটি বাইকে চেপে রামগঙ্গার দিক থেকে ঢোলাহাটের দিকে যাচ্ছিল। এমন সময় ওই বিপত্তি। নিম্নচাপের জেরে রাতভর ভারি বৃষ্টি চলেছে সারা জেলাজুড়ে। রাস্তা ভিজে যাওয়ার কারণেই পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক গাছে গিয়ে ধাক্কা মারে ও আরোহীরা ছিটকে গিয়ে পড়েছে রাস্তার পাশে নয়ানজুলিতে। অন্যদিকে, ওই খবর পেয়েই পাথরপ্রতিমা থানার পুলিশ ৪ জনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দীপঙ্কর মন্ডল, সুব্রত মন্ডল, মোঃ মোস্তাকিম মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম সঞ্জয় মন্ডল বর্তমানে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে চিকিৎসাধীন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
