কাঁথি, ১ জানুয়ারি (হি.স.): আনন্দ, উচ্ছ্বাস ও মানবিকতার আবহে পাঁউসি অন্ত্যোদয় অনাথ আশ্রমে উদ্যাপিত হলো ইংরেজি নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে আশ্রমের আবাসিক শিশুরা। তাদের উচ্ছ্বাস ও হাসিতে মুখরিত হয়ে ওঠে গোটা আশ্রম চত্বর। নববর্ষ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আবাসিক ও আশ্রম কর্তৃপক্ষ একসঙ্গে আনন্দ ভাগ করে নেন।
রঙিন সাজে সেজে ওঠা আশ্রম প্রাঙ্গনে দিনভর ছিল উৎসবের আমেজ। পাশাপাশি নতুন বছরের শুরুতে বিশ্বশান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় প্রার্থনাও করা হয়। আশ্রম কর্তৃপক্ষ জানান, মানবিক মূল্যবোধ ও সৌহার্দ্যের বার্তাকে সামনে রেখেই নববর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়।
সমগ্র অনুষ্ঠান জুড়ে ভ্রাতৃত্ববোধ ও আশার আলো স্পষ্ট হয়ে ওঠে। পাঁউসি অন্ত্যোদয় অনাথ আশ্রমে নববর্ষ উদ্যাপন এক মানবিক দৃষ্টান্ত হিসেবেই ধরা দিল।
—————
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি
