উদয়পুর, ১ নভেম্বর, (হি.স.) : বাবার সাথে মনোমালিন্যের জেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ছেলে। ঘটনাটি ঘটেছে গোমতি জেলার উদয়পুরের অরুণাচল সংঘ এলাকায়। নিহত ব্যক্তির নাম নবগোপাল ঘোষ (৪২)। পুলিশ বুধবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, অরুণাচল সংঘ এলাকার বাসিন্দা মাখনলাল ঘোষের ছেলে নবগোপাল ঘোষের মঙ্গলবার রাতে বাবার সাথে কোনও এক বিষয় নিয়ে ঝগড়া হয়। মনোমালিন্যের জেরে ছেলে নবগোপাল ঘোষ নিজের ঘরে চলে যান এবং দরজা বন্ধ করে দেন। সকাল হলেও নবগোপাল দরজা খুলেননি। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দরজা বন্ধ ছিল। এতে সকলের সন্দেহ হয়।
খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে নবগোপাল ঘোষের মৃতদেহ ফাঁসিতে ঝুলে রয়েছে। পুলিশ মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ। এই ঘটনায় গোটা অরুণাচল সংঘ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
