উদয়পুর (ত্রিপুরা), ২২ জুলাই (হি.স.) : যান দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাইক চালক ও অটোর চালক সহ অটোতে থাকা এক যাত্রী আহত হয়েছেন।
জানা গিয়েছে, উদয়পুর রমেশ চৌমুহনী থেকে কাকরাবনের দিকে যাচ্ছিল একটি অটো। চারজন যাত্রী নিয়ে যাওয়ার পথে জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোর সামনে হঠাৎ একটি বাইক এসে পড়ে। বাইক ও অটোর সংঘর্ষ হয়। এতে বাইক চালক ও অটোর চালক সহ অটোতে থাকা এক যাত্রী আহত হয়েছেন।
এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দফতরে খবর দিলে দমকলকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তাদের নাম এখনও জানা যায়নি। কাকড়াবন থানার পুলিশ অটো এবং বাইক আটক করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
