বক্সনগর (ত্রিপুরা), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে সিপাহীজলা জেলার কাঁঠালিয়ার নিদয়া বাজার এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল। রাত প্রায় সাড়ে বারোটায় হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে চারটি দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় মানুষজন সাহায্য করার সুযোগই পাননি। আশেপাশে ঘনবসতি থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই স্থানীয়রা কাঁঠালিয়া ফায়ার সার্ভিস অফিসে ফোন করে। পুলিশের টহলদারি গাড়িও ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই সব ছাই হয়ে যায়। টিলার উপরে অবস্থিত হওয়ায় জলের যোগান দিতেও বিপাকে পড়েন স্থানীয়রা। ফলে রাতের অন্ধকারে হতভম্ব অবস্থায় চোখের সামনে নিজের দোকান পুড়ে যেতে দেখেন ব্যবসায়ীরা।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাইস মিলসহ চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে যায় তারা হলেন – কাজল কর, বিশ্বজিৎ দেবনাথ, বাবুল কর ও পার্থ সারথি পাল। প্রত্যেকেরই ক্ষয়ক্ষতি ব্যাপক।
খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে যান ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে যথাসাধ্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
