কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমীর উৎসব ধুমধামের সঙ্গে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে শুরু হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা ও গীতা পাঠ এবং শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। শনিবার ভোরবেলা থেকেই ভক্তরা বিশেষ পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন।
এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, – “শ্রীকৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত করতেই প্রতি বছরই মহাধূমধামের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়ে থাকে।
উল্লেখ্য, শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশাবলী নিয়েই রচিত গীতার বাণী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এদিন গীতাপাঠের মধ্যে দিয়েই জন্মাষ্টমীর মূল অনুষ্ঠানের সূচনা হয়েছে।
প্রসঙ্গতঃ ছাত্রদের সঙ্গে গীতাপাঠে অংশগ্রহণ করেন – স্বামী ত্যাগাত্মানন্দ,স্বামী দিব্যজ্ঞানানন্দ,স্বামী সঙ্ঘাত্মানন্দ মহারাজ প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
