ঝাড়গ্রাম, ১৮ জুলাই (হি. স.): ট্রেন লাইন পার হতে গিয়ে কাটা পড়ে মৃত্যু হল একটি প্রাপ্তবয়স্ক হাতি ও দুটি শাবকের। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর-টাটানগর রেলসেকশনের বাঁশতলা ও মানিকপাড়া স্টেশনের মাঝামাঝি।
রেল ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়্গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের সামনে দিয়ে আচমকাই লাইন পার হতে যাচ্ছিল তিনটি হাতি। বনকর্মী ও হুলা পার্টি কাছে থাকলেও কোনওভাবে হাতিগুলিকে আটকানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই প্রাণ যায় তিনটিরই।
শুক্রবার সকালে আরও কয়েকটি হাতি মৃতদেহের পাশে এসে লাইনের উপর দাঁড়িয়ে পড়ে, যার জেরে খড়্গপুর-পুরুলিয়া লোকাল সহ একাধিক ট্রেন দীর্ঘক্ষণ আটকে থাকে। পরে বনদফতর, রেল পুলিশ ও স্থানীয় থানা হাতিগুলিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “অভিজ্ঞ হুলা পার্টি না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। বন দফতর নজর দিক।”
—————
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো
