হুগলি, ২৯ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষের আর শীতের মরশুমে বেশ আনন্দে দুই বন্ধু বাইকে চেপে এগরোল খেতে বেরিয়ে আর ফিরলেন না। দুই নাবাল কের মৃত্যু হল পথদুর্ঘটনায় । বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়ায়।
একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইকটির। মৃত্যু হয় সুরেশ রায় (১৭), প্রীতম মণ্ডলের (১৬)৷ তিননা ষষ্ঠী তলায় একটি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের বাইকটিকে৷ গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷
সূত্রে খবর, মৃতরা সিমলাগর তালবোনা কলোনির বাসিন্দা৷ সুরেশ রাণাঘাটের একটি আইটিআই কলেজের পড়ুয়া৷ প্রীতম তালবোনা রাধারাণী স্কুলের মাধ্যমিক পড়ুয়া৷ বছরের শেষে ছুটির আমেজে বেশ কাটছিল ৷ সন্ধ্যেয় হঠাৎই দুই বন্ধুর ইচ্ছা হয় এগরোল খাওয়ার৷ তাই বাইক নিয়ে ১০ কিলোমিটার দূরে পাণ্ডুয়া বাজারে যায়৷
এগরোল খেয়ে পাণ্ডুয়া ফেরার পথে তিননা ষষ্ঠী তলা দিয়ে ফিরছিল৷ তাদের দু’জনের মাথাতেই ছিল না হেলমেট৷ বাইকের গতিও ছিল বেপরোয়া৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিননা ষষ্ঠী তলা এলাকায় একটি গাড়িকে ধাক্কা মারে বাইকটি৷ গুরতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে দুই যুবককে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানকার চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন৷ ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ৷
সুরেশের বাবা ববি রায় গাড়ি চালান ও প্রীতমের বাবা নিরঞ্জন মণ্ডল ট্রেনে হকারি করেন। দুজনকে নিয়ে পরিবারে অনেক প্রত্যাশা ছিল৷ হঠাৎ দুর্ঘটনা সব কিছু কেড়ে নিল দুই পরিবারের ৷
একই গ্রামের দুই যুবকের মৃত্যুতে এলাকায় বর্ষ শেষের আনন্দ বিষন্নতায় পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
