নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : মণিপুর-ভিত্তিক নয়টি জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এই পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের কাছে তথ্য আছে, এই জঙ্গি সংগঠনগুলি মণিপুরে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং অসামরিক নাগরিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এছাড়া বলা হয়েছে, ‘বিচ্ছিন্নতাবাদী, নাশকতামূলক, সন্ত্রাসী এবং সহিংস কার্যকলাপ’-এর সঙ্গে জড়িত বলে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট-১৯৬৭’ (ইউএপিএ)-এর ধারা ৩-এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতার অধীনে নয়টি জঙ্গি সংগঠনকে কেন্দ্রীয় সরকার ‘বেআইনি সংগঠন’ বলে ঘোষণা করেছে।
যে সব জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলি যথাক্রমে ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) এবং এর রাজনৈতিক শাখা, ‘রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট’ (আরপিএফ), ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ (ইউএনএলএফ) এবং এর সশস্ত্র শাখা, ‘মণিপুর পিপলস আর্মি’ (এমপিএ), ‘পিপলস রেভোলিউশনারি পার্টি কাংলেইপাক’ (প্ৰিপাক) এবং এর সশস্ত্র শাখা, ‘দ্য কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ (কেসিপি) এবং এর সশস্ত্র শাখা (যাকে ‘রেড আর্মি’ও বলা হয়), ‘কাংলেই ইয়াওল কানবা লুপ’ (কেওয়াইকেএল), ‘দ্য কো-অর্ডিনেশন কমিটি’ (কোর-কম) এবং ‘অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপাক’ (এএসইউকে) সহ তাদের সমস্ত শাখা এবং সক্রিয় সংগঠনগুলি।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
