নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেবার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, আরএসএস শতবর্ষ ধরে অক্লান্ত ও অবিরামভাবে দেশের সেবায় নিয়োজিত। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বিজয়াদশমী অন্য কারণে খুবই বিশেষ। ওই দিনটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। এক শতাব্দীর এই যাত্রা বিস্ময়কর, অভূতপূর্ব এবং অনুপ্রেরণাদায়ক। ১০০ বছর আগে, যখন আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল, দেশ কয়েক শতাব্দী ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। সেই শতাব্দীর দীর্ঘ দাসত্ব আমাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে গভীরভাবে আঘাত করেছিল। বিশ্বের প্রাচীনতম সভ্যতা একটি পরিচয় সংকটের সম্মুখীন হয়েছিল। আমাদের নাগরিকরা একটি হীনমন্যতার শিকার হয়ে উঠছিল। ত্যাগ ও সেবার চেতনা এবং শৃঙ্খলার শিক্ষাই হল সংঘের প্রকৃত শক্তি। এখন আরএসএস অক্লান্তভাবে এবং অবিরামভাবে একশ বছর ধরে দেশের সেবায় নিযুক্ত রয়েছে। এই কারণেই আমরা দেখি, যখনই দেশের কোথাও কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আরএসএস স্বয়ংসেবকরা সেখানে সবার আগে পৌঁছয়। ‘নেশন ফার্স্ট’-এর এই চেতনা লক্ষ লক্ষ স্বয়ংসেবকদের জীবনের প্রতিটি কর্ম এবং প্রতিটি প্রচেষ্টায় সর্বদা সর্বোত্তম থাকে। আমি প্রত্যেক স্বয়ংসেবককে আমার শুভেচ্ছা জানাই যারা দেশের সেবার মহান যজ্ঞে নিজেকে উৎসর্গ করছেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
