নয়াদিল্লি : বিজেপি-র নির্বাচনী প্রস্তুতি ও প্রচার পর্যবেক্ষণে নয়াদিল্লি এসেছেন আওয়ামি লিগের প্রতিনিধি দলের একদল সদস্য। বিজেপির আমন্ত্রণে তাঁদের এই সফর।
পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন তাঁরা।
জানা গিয়েছে, বুধবার শুরু হয়েছে তাঁদের সফর। রবিবার পর্যন্ত তাঁরা গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এই বিষয়ে আওয়ামি লিগ জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে সাতটি ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই ভোটপ্রক্রিয়ায় তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচার দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে শুধু আওয়ামি লিগকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। অন্যদিকে দেশে পর পর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ জয়লাভ করেছে।
আওয়ামি লিগের তরফে জানানো হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারত। আওয়ামি লিগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থা রয়েছে তাদের এই আমন্ত্রণ এই ইঙ্গিতই বহন করছে। ভারত আওয়ামি লিগকে তাদের প্রকৃত বন্ধু মনে করে। এই সফরে দলের প্রতিনিধিরা বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া দিল্লির বাইরে দলের নির্বাচনী প্রচার সরেজমিনে দেখানোর জন্য প্রতিনিধিদের বিজেপি ছত্তিশগড়ে নিয়ে যাবে।
১৯ এপ্রিল প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। ১ জুন পর্যন্ত মোট সাত দফায় এই ভোট গ্রহণ হবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।
