সন্দেশখালি, ২৯ ফেব্রুয়ারিহি. শেখ শাহজাহান গ্রেফতার হতেই আনন্দে মেতে উঠল সন্দেশখালি, অসময়ের হোলি উদযাপন করলেন স্থানীয় মানুষজন। মিষ্টিমুখ, উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল সন্দেশখালি। শাহজাহানের গ্রেফতারির খবর শুনে বৃহস্পতিবার সকালে সন্দেশখালির ভোজাপাড়ায় উচ্ছ্বাসে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। তাঁরা আবির খেলেন, মিষ্টিমুখ করান একে অপরকে। সবথেকে বেশি আনন্দ দেখা গিয়েছে মহিলাদের চোখে-মুখে।
দীর্ঘ দিনের লুকোচুরি শেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। আর সেই খবরে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সন্দেশখালির বাসিন্দারা। গ্রেফতারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। ভোজাপাড়ায় উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়।
