বারাবাঙ্কি উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে স্কুল বাস উল্টে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার সালারপুর গ্রামের কাছে মঙ্গলবার সন্ধ্যায় একটি স্কুল বাস উল্টে ৪ শিশুর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং ২৫ জন শিশু আহত হয়েছে। শিশুরা পিকনিক করে লখনউ থেকে স্কুল বাসে ফিরছিল। রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত সকল শিশুকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সত্যেন্দ্র কুমার এবং পুলিশ সুপার দীনেশ কুমার সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। এএসপি সিএল সিনহা জানান, দুর্ঘটনায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে। কম্পোজিট স্কুলের পড়ুয়ারা পিকনিক করতে লখনউ গিয়েছিল, ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।
