গুয়াহাটি, ৭ আগস্ট (হি.স.) : ৩.৮ প্রাবল্যের মৃদু ভূমিকম্প সংঘটিত হয়েছে অসমের নগাঁও জেলায়। আজ বৃহস্পতিবার রাত ০৯টা ২৫ মিনিট ৩৪ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্প রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। তবে এ ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কিছুক্ষণ আগে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ২১:২৫:৩৪টায় সংঘটিত ৩.৮ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল নগাঁও জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৬.৪২° উত্তর অক্ষাংশ এবং ৯২.৭৬° পূর্বে।
প্রসঙ্গত, গত ২ আগস্ট ভোর ০৫টা ৩৫ সেকেন্ড, ৫৫ মিনিটে ৩.২ প্ৰাবল্যের ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশে। এর তিনদিনের মাথায় ৫ আগস্ট মধ্যরাত ১২টা ৪০ সেকেন্ড ৫৫ মিনিটে অরুণাচল প্রদেশের কুরুংকুমে জেলায় ৩.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনও ঘটনায় হতাহত বা অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
