বেঙ্গালুরু, ১০ অক্টোবর, (হি.স.): গ্যাস সিলিন্ডার লিক করে বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁদের মধ্যে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল।
ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার ভোরবেলায়। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে সাতজন পরিযায়ী শ্রমিক। তাঁরা একটি ঘরেই থাকছিলেন। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘরের ভিতরেই ছিল গ্যাস সিলিন্ডার। সেই সিলিন্ডারের গ্যাস লিক করে ঘরের মধ্যে আগুন ধরে গিয়েছিল।
ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই সাতজন পরিযায়ী শ্রমিক। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শুক্রবার মারা গেলেন চারজন। বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে খবর।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
