কলকাতা, ১৬ জুলাই (হি.স.): সারা দেশে একই সময়ে কেন বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ শুরু হল? প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। কেন জুন মাসকেই বেছে নেওয়া হল, এটা কি পূর্বপরিকল্পিত? এসব নিয়েও প্রশ্ন আদালতের।
হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের উদ্দেশে বলেন, “ধরুন, পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে যায়। একই সময়ে তল্লাশি শুরু হতে পারে। তার পিছনে একটি কারণ থাকে। কিন্তু এ ক্ষেত্রে কী কারণ রয়েছে? অভিযোগ উঠছে, বাংলায় কথা বলার জন্য আটক করা হচ্ছে।”
কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, “আমি অনুরোধ করব এই বিষয়টি জানানো হোক। কারণ, এটি না হলে ভুল বার্তা যেতে পারে। কোনও ভুল পদক্ষেপ হতে পারে। যেমন অভিযোগ উঠছে, বাংলায় কথা বলার জন্য আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।”
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
