গুয়াহাটি, ১৬ নভেম্বর (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে আগামীকাল সোমবার গুয়াহাটি আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। গুয়াহাটিতে তিনি প্রবাস করবেন ১৯ তারিখ পর্যন্ত।
আজ রবিবার আরএসএস-এর উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, আগামীকাল (১৭ নভেম্বর) বিকালে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সংঘ-প্ৰধান ডা. মোহন ভাগবত। বিমান-বন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হবে হেঙেরাবাড়ির বড়বাড়িতে অবস্থিত আরএসএস-এর উত্তর-পূর্বাঞ্চলের সদর দফতর সুদৰ্শনালয়-এ।
পরের দুদিন ১৮ এবং ১৯ নভেম্বর রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের শতবৰ্ষ পূৰ্ণ উপলক্ষ্যে সুদৰ্শনালয়-এ বৌদ্ধিক, মত-বিনিময় কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন ডা. মোহন ভাগবত৷ ১৮ নভেম্বর বিকাল ৪:০০টায় নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবৰ্গ, যাঁরা নানাভাবে সমাজজীবনে অবদান রেখেছেন তাঁদের নিয়ে ‘প্ৰবুদ্ধ নাগরিক সম্মেলন’ শীর্ষক অনু্ঠানে বৌদ্ধিক পেশ করার পাশাপাশি তাঁদের সঙ্গে মত-বিনিময় করবেন সংঘ-প্রধান৷ ‘প্ৰবুদ্ধ নাগরিক সম্মেলন’-এ আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট সাহিত্যিক, পত্র-পত্রিকা এবং বিভিন্ন সাময়িকীর সম্পাদক, শিল্পপতি সহ দুই শতাধিক বিশিষ্ট নাগরিকদের৷
১৯ নভেম্বর সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে যুব সম্মেলন। যুব সম্মেলনে নিৰ্বাচিত বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পপতি প্রমুখদের উপস্থিতিতে বৌদ্ধিক প্ৰদান করবেন সরসংঘচালক৷
২০ নভেম্বরে তিনি মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে প্রেস বার্তায় জানিয়েছেন সংঘের উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
