ভদোদরা, ১৮ জানুয়ারি (হি. স.) : গুজরাটের ভদোদরায় মর্মান্তিক ঘটনা । স্কুলের পিকনিকের ফাঁকে বোটিং করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে ডুবে গেল নৌকা। জলে ডুবে মৃত্যু হয়েছে ছয় খুদে পড়ুয়ার। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভদোদরা জেলার হারনি মোতনাথ লেকে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদোদরা জেলার একটি বেসরকারি স্কুলের তরফে ছাত্র-ছাত্রীদের হারনি মোতনাথ লেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই লেকে নৌকাভ্রমণ করতে ওঠে পড়ুয়ারা। মোট ২৭ জন ছিলেন। লেকের মাঝে গিয়ে বেসামাল হয়ে পড়ে উল্টে যায় নৌকাটি।
লেকে নৌকা ডুবে যাওয়ার পর ছাত্রছাত্রীদের খোঁজে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। নৌকার অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও প্রথমে নিখোঁজ হয়ে যায় সাত পড়ুয়া। পরে তাদের মধ্যে ছয়জনের নিথর দেহ উদ্ধার হয়। এখনও এক পড়ুয়া নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে। হিন্দুস্থান সমাচার/কাকলি
