আমেদাবাদ, ৬ সেপ্টেম্বর (হি. স.) : গুজরাটের পাভাগড়ের বিখ্যাত শক্তিপীঠে রোপওয়ে ছিঁড়ে বিপত্তি । শনিবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দড়ি ছিঁড়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ২ জন লিফটম্যান, ২ জন শ্রমিক এবং আরও দু’জন সহ মোট ছ’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিন ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গুজরাটের এই বিখ্যাত শক্তিপীঠে প্রতিদিন বহু পুণ্যার্থী ভিড় জমান। মন্দিরটি প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাই পুণ্যার্থীদের এই মন্দির অবধি পৌঁছতে প্রায় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেই সঙ্গে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকেই জনসাধারণের ব্যবহারের জন্য রোপওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, পাভাগড় পাহাড়ের চূড়ায় একটি কালীমন্দিরে রয়েছে। প্রতি বছর এখানে প্রায় ২৫ লক্ষ দর্শনার্থী আসেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি
