
নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): আফগানিস্তানের স্বাস্থ্যখাতে ভারতের তরফে ‘বন্ধুত্বে’র নিদর্শন। দেওয়া হবে ২০টি অ্যাম্বুল্যান্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। এছাড়াও ক্যান্সারের ওষুধ দেওয়া হবে আফগানিস্তানকে। এমনটাই জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার সকালে নয়াদিল্লিতে তালিবান সরকারের বিদেশমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথমবার কোনও তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের বিদেশমন্ত্রী।
আফগানিস্তানে তালিবান সরকারের ক্ষমতা গ্রহণের পর এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনার ঝড়। আমির খান মুত্তাকি ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, এই সফর ভারত-আফগানিস্তান বন্ধুত্বের অটুট বন্ধনকে আরও গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পহেলগাম হামলা এবং আফগানিস্তানে ভূমিকম্পের সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তবে সরাসরি সাক্ষাৎ সব সময়ই আলাদা গুরুত্ব বহন করে। তিনি আরও যোগ করেন, এই ধরনের সরাসরি বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে সাহায্য করে। জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতে গভীর আগ্রহ রয়েছে। আমরা চাই আফগানিস্তান একটি শান্তিপূর্ণ, স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে বিকশিত হোক।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
