রুদ্রপ্রয়াগ, ২৭ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা নদীতে পড়ে যাওয়া একটি ছোট বাস (টেম্পো ট্রাভেলার)-এর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। শুক্রবার দ্বিতীয় দিনের তল্লাশি অভিযান চালিয়ে রতূড়া সংলগ্ন নদীর ধারে আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সোনি (৫৫), যিনি রাজস্থানের উদয়পুরের শাস্ত্রী সার্কেল এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ২০ জন যাত্রীকে নিয়ে একটি টেম্পো ট্রাভেলার অলকানন্দা নদীতে পড়ে যায়। শুরুতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে তা ৪ জনে দাঁড়ায়। দুর্ঘটনার পর থেকে ৯ জন নিখোঁজ ছিলেন। সেই নিখোঁজদের সন্ধানে পুলিশ, এসডিআরএফ, ডিডিআরএফ, দমকল বাহিনীর মিলিত ভাবে শুক্রবারও সারাদিন ধরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়েছে।
ঘটনাস্থল থেকে শ্রীনগর পর্যন্ত নদীর বিভিন্ন অংশে ওয়াচারদের মোতায়েন করা হয়েছে যাতে কোনো দেহ চোখ এড়ায় না। উদ্ধার হওয়া সঞ্জয় সোনির দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছেন , এখনও ৮ জন যাত্রী নিখোঁজ এবং তাঁদের খোঁজে অভিযান জারি রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, যতক্ষণ না শেষ নিখোঁজ যাত্রী পর্যন্ত উদ্ধার হচ্ছেন, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
