গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : জুবিন গাৰ্গ অসমিয়া সংস্কৃতির উজ্জ্বল রত্ন, জনতার হৃদয়ে চিরকাল বিরাজ করবেন জুবিন…’, আজ রবিবার ১২৬-তম মন কি বাত অনুষ্ঠানে অসমিয়া ভাষায় এভাবেই শোক ব্যক্ত করে সদ্যপ্রয়াত জুবিন গার্গকে স্মরণ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী।
মন কি বাত-ও আবেগভরা শ্রদ্ধা জানিয়ে জুবিন গার্গকে ‘অসমিয়া সংস্কৃতির কোহিনূর’ বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অসম যখন আজ ভূপেন হাজরিকার জন্মশতাব্দি পালন করছে, তখন দিন-কয়েক আগে একটি অত্যন্ত দুঃসংবাদ আসে। জুবিন গার্গের অকালমৃত্যুতে আজ শোকের সাগরজলে ভাসছে অসম। জুবিন গাৰ্গ একজন প্ৰখ্যাত গায়ক ছিলেন। তিনি গোটা দেশে নিজের পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন। অসমের সংস্কৃতির সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। আমাদের স্মরণে-মননে সর্বদা বিরাজ করবেন জুবিন গাৰ্গ।
প্রধানমন্ত্রী বলেন, ‘জুবিন গার্গের সংগীত ভবিষ্যত প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করতে থাকবে। জুবিন গার্গ ছিলেন অসমের সংস্কৃতির উজ্জ্বল রত্ন। জনতার হৃদয়ে তিনি সর্বদা জীবিত থাকবেন’, বলেন অসমিয়া ভাষায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
