নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : প্রথমবার রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইজরায়েল। রবিবার সেদেশের তরফে জানানো হয়, ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।
জানা গিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রবিবার আমেরিকা ও কাতারের সঙ্গে বৈঠকে বসেছিল ইজরায়েল । কিন্তু পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে কোনও সদর্থক সমাধান মেলেনি সেই বৈঠকে। যদিও আগামী দিনে আবার যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইজরায়েল। তার মধ্যেই রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। তাদের তরফে বলা হয়, সাধারণ মানুষের কী প্রয়োজন সেটা খতিয়ে দেখতে গাজায় যেতেই পারেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ইজরায়েল অভিযোগ এনেছিল যে হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে রাষ্ট্রসংঘের কর্মীরা। তার জেরে রাষ্ট্রসংঘে অনুদান দেওয়া বন্ধ করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশ।
