ঢাকা বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু হয়েছে। এমনটাই বললেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার ও দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
রবিবার দুপুর ১২টায় বান্দরবান সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান একথা বলেছেন। সেনাপ্রধান অভিযানের কার্যক্রম পরিদর্শন ও সমন্বয়ের জন্য বান্দরবান সেনা রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে এসেছিলেন। রিজিয়ন সদর দপ্তর ও অভিযানসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সেনানিবাসের হেলিপ্যাডে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিস্কার করে সেনাপ্রধান বলেছেন, জনগণের শান্তি ও দেশের সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে। অভিযানে শনিবার দুটি অস্ত্র উদ্ধার ও কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সবকিছু সমন্বয় করতে রিজিয়ন সদর দফতরে এসেছেন জানিয়ে সেনাপ্রধান বলেন, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি সরকারের সমন্বিত কৌশলের ভেতরে মোকাবিলার জন্য সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনে স্থানীয় কমান্ডের যা যা দরকার বিজিবি, র্যাব, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় হচ্ছে।
