ওয়াশিংটন, ২৭ নভেম্বর (হি.স.) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ( ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ) ঘোষণা করেছেন যে, আগামী বছর মায়ামিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকাকে দেওয়া সব সরকারি অর্থ ও অনুদানও স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
বুধবার ( ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ) ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেত কৃষকদের ওপর অব্যাহত নির্যাতনের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনও বয়কট করেছিলেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেন, “দক্ষিণ আফ্রিকা ২০২৬ সালের জি-২০ সম্মেলনের জন্য আমন্ত্রণ পাওয়ার যোগ্য নয়। আগামী বছর এই সম্মেলন ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত হবে।”
এছাড়াও প্রেসিডেন্ট আরও জানান ,দক্ষিণ আফ্রিকা সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে আমেরিকার প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ করেছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ কৃষকদের উপর সহিংসতার অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ আফ্রিকাকে দেওয়া সমস্ত সরকারি অর্থ, সাবসিডি এবং অন্যান্য অর্থনৈতিক সহায়তা অবিলম্বে বন্ধ করা হবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
