পেশোয়ার, ৫ ডিসেম্বর (হি.স.): বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোড। মঙ্গলবারের এই বিস্ফোরণে ৩ শিশু-সহ ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরক ফেটে এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।
পুলিশ সুপার আরশাদ খান জানান, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় এবং বিস্ফোরকটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকগুলির ওজন ছিল ৪ কেজি এবং রাস্তার পাশে একটি সিমেন্ট ব্লকে লুকানো ছিল। বিস্ফোরণের টার্গেট কে বা করা ছিলেন, তা এখনও বলতে নারাজ পুলিশ। বিস্ফোরণের পর পুলিশ এবং রেসকিউ ১১২২ টিম পেশোয়ারের ওই এলাকায় ছুটে যায়। বিস্ফোরণের তীব্রতায় দু’টি গাড়ি ও আশেপাশের ভবনের কাঁচ ভেঙে গিয়েছে। মেট্রোপলিটন মেয়র জুবায়ের আলী সাংবাদিকদের বলেন, একটি স্কুলের কাছে বিস্ফোরণটি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা ছিল।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
