কিশোর সরকার
ঢাকা, ১৪ জানুয়ারি (হি.স): বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছেন। এর মধ্যে আহসানুল ইসলাম টিটু পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
রবিবার (১৪ জানুয়ারি) প্রথম দিন সচিবালয়ে নিজ দফতরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে পিঁয়াজসহ নিত্য পণ্য আমদানিতে কোন বিধিনিষেধ না দেওয়ার আহবান জানিয়েছেন। আর নিত্যপণ্যে আমদানিতে কোনও নিষেধাজ্ঞা না দেওয়ার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
নিজের প্রথম পদক্ষেপ হিসেবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার কথাও জানিয়েছেন তিনি। শপথ নেওয়ার পর দুদিন সাপ্তাহিক ছুটির কারণে আজ প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজনিজ দফতরে আসেন এবং অফিস করছেন।
দফতরে এসেই সাংবাদিকদের আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিটি হবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বলেছেন, বাজারে কোনও সিন্ডিকেট থাকতে পারবে না। যারা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মজুতদারদের শক্ত হাতে দমন করা হবে। তবে স্বচ্ছভাবে যারা ব্যবসা করবে তাদের সহযোগিতা করা হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনও গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করব না, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করব। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট টুলস আমাদের রয়েছে। ভোক্তা অধিদফতরের মাধ্যমে বাজার মনিটরিং বাড়ানো হবে।
আহসানুল ইসলাম বলেন, আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। সরবরাহের সময়টা কমিয়ে আনতে চাই। বাণিজ্য, অর্থ, কৃষি, খাদ্য ও শিল্প মন্ত্রণায়ের সমন্বয়ে আমরা কাজ করব। আমরা কমোডিটি এক্সচেঞ্জ স্থাপন করে পণ্যের মূল্য নির্ধারণ করব। আগামী জুন মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা অনুমোদন দেবে বলে আশা করছি।হিন্দুস্থান সমাচার /
