ইসলামাবাদ, ২২ সেপ্টেম্বর (হি. স.) : পাকিস্তানের বায়ুসেনার হামলায় শিশু, মহিলা সহ মৃত্যু হয়েছে ৩০ জনের। রবিবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকার মাত্রে দারা গ্রামে হামলা চলে। জানা গিয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমান থেকে আটটি এলএস-৬ বোমা ফেলা হয়। তাতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়াও বহু মানুষ জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতেরা প্রত্যেকেই সাধারণ নাগরিক। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পাক সেনার একটি সূত্র জানাচ্ছে, সন্ত্রাস-বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এই প্রথম নয়, এর আগেও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ থামানোর জন্য পাক সেনার তরফে অভিযান চালানো হয়েছিল। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, এবছর জানুয়ারিতে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ গত মাসের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেড়েছে। সব থেকে খারাপ অবস্থা খাইবার পাখতুনখোয়ার। এরপরই রয়েছে বালুচিস্তান।
হিন্দুস্থান সমাচার / সোনালি
