টোকিও, ৭ সেপ্টেম্বর, (হি.স.): জুলাই মাসে সংসদীয় নির্বাচনে হেরে গিয়েছিলেন৷ তারপরও প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন৷ নির্বাচনে হেরে যাওয়ার জেরে দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন। কিন্তু দলের তরফ থেকে ক্রমবর্ধমান চাপে রবিবার জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শিগেরু ইশিবা।
গত বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইশিবা। তাঁর কার্যকাল খুব একটা মসৃণ ছিল না। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর উচ্চকক্ষেও হারে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। ফলে জাপানের শুরু হয় রাজনৈতিক টানাপড়েন।
২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইশিবা৷ কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের মূলত ডানপন্থী নেতাদের সঙ্গে তাঁর বিরোধ বাঁধে৷ এক মাসেরও বেশি সময় ধরে দলের অভ্যন্তরে বেশিরভাগ ডানপন্থীর প্রতিবাদেও দায়িত্ব ছাড়েননি ইশিবা৷ তাঁর দাবি ছিল, জাপান যখন দেশের ভিতরে এবং বাইরে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এই পদক্ষেপ আদতে রাজনৈতিক শূন্যতা তৈরি করবে।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সোমবার নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি ইশিবার বিরুদ্ধে ভার্চুয়ালি অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতে চলেছিল৷ সেই সিদ্ধান্ত নেওয়ার একদিন আগে পদত্যাগপত্র জমা দিলেন ইশিবা।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
