কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): মঙ্গলবার বাংলাদেশের ম্যাচ, কিন্তু সোমবার দুপুর অবধি ইডেন চত্বরে সেই অর্থে বাংলাদেশের সমর্থকদের দেখা গেল না। বাংলাদেশের জয়ের আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন কলকাতায়। কিন্তু হেরে যাওয়ার পর চরম আশাহত। যেই শুনছেন মঙ্গলবারের ম্যাচের টিকিট, আর আগ্রহ দেখাচ্ছেন না।
সোমবার দুপুরে ইডেন চত্বরে ইতিউতি দেখা গেল গোছা টিকিট হাতে নিয়ে ঘুরছেন কয়েকজন। মলিন মুখ। কিছুটা চিন্তা মিশে রয়েছে যেন। সামনে আগ্রহী ক্রেতারা।
মঙ্গলবার বাবর আজম বনাম সাকিব আল হাসানদের ম্যাচ। ইডেনের বাইশ গজে পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধ। তাও উত্তাপ নেই। মঙ্গলবারের ম্যাচ এড়িয়ে গিয়ে আগ্রহীরা টিকিট খুঁজছেন রবিবারের। বিরাট কোহলির জন্মদিনের সাক্ষী থাকতে চাইছেন তাঁরা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েই যত আগ্রহ ইডেন আর কলকাতার। তাই উড়ে আসছে সোজা প্রশ্ন, ৫ নভেম্বরের টিকিট পাওয়া যাবে?
বিশ্বকাপের আগে পাকিস্তানকে সবচেয়ে গোছানো টিম মনে হয়েছিল। পর পর দুটো ম্যাচ জিতে বাবর-রিজওয়ানরা দারুণ শুরুও করেছিলেন। কিন্তু টানা চার ম্যাচ হারের পর বিশ্বকাপের শেষ চারের আশা কার্যত নেই। অসম্ভব অঙ্ক মেলাতে হলে বাকি তিনটে ম্যাচ জিতলে শুধু হবে না, অন্য টিমগুলোকে হারতেও হবে।
বিতর্কে চুরমার, কোণঠাসা, ভাঙাচোরা পাকিস্তানও টানতে পারছে না কলকাতাকে। উল্টো শিবিরের ছবিও একই রকম বিবর্ণ। লক্ষ্মীপুজোর দিন ইডেনে ছিল বাংলাদেশের ম্যাচ। ওই ম্যাচে সাকিব আল হাসানরা হারেন ডাচদের কাছে। যার ফলে রীতিমতো হতাশ হয়ে অনেক টাইগার ভক্ত ম্যাচ শেষ হওয়ার আগেই ইডেন ছেড়ে বেরোতে থাকেন। মঙ্গলবারের ম্যাচ নিয়ে যে কারণে টাইগার সমর্থকদের খানিক হলেও আগ্রহ কমেছে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
