ওয়াশিংটন, ১৮ অক্টোবর (হি.স.): গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ ও ব্যথিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন বাইডেন। ঠিক কী ঘটেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা দলকেও।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইজরায়েল সফরের ঠিক আগের দিন এই হামলা হয়। মঙ্গলবার গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালানো হয়। ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত। সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল। এই হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করেছেন, সমগ্র বিশ্বের জানা উচিত, গাজার বর্বর সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে, আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী) নয়। যারা আমাদের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে, তারা নিজেদের সন্তানদেরও হত্যা করেছে।
গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণ এবং এর ফলে যে ভয়াবহ প্রাণহানি ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ এবং গভীরভাবে ব্যথিত। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই আমি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
