ইসলামাবাদ, ১১ নভেম্বর (হি.স.): সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লার সামনের এলাকা৷ তার ২৪ ঘণ্টা যেতে না-যেতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ ইতিমধ্যেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের৷ আরও ২৭ জন আহত হয়েছেন বলে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সে দেশের রাজধানীর একটি আদালতের বাইরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ৷
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এর তীব্র নিন্দা জানিয়েছেন। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি বলেছেন যে, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি সন্ত্রাসবাদীদের নির্মূল করার কথাও জানান।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, ফরেন্সিক টিম। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বিস্ফোরণের বিস্তারিত তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
