সানা, ৫ আগস্ট (হি.স.): ইয়েমেন উপকূলে মর্মান্তিক নৌকাডুবি। সমুদ্রে পরিযায়ী শ্রমিকদের নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪২ জন। তাঁরা প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে মাত্র ১২ জনকে। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৬৮টি দেহ। নিখোঁজ আরও অনেকে। রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। সেই সময় নৌকায় ছিলেন ১৫৪ জন।
মঙ্গলবার ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান জানান, ইথিওপিয়া থেকে গালফের দেশগুলিতে কাজের খোঁজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা প্রতিবারের মতো এবারও বিপজ্জনক রুটে সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন। সেই পথেই প্রাণ গেল এতজনের। খানফা উপকূল থেকে উদ্ধার করা হয়েছে বেশিরভাগ মৃতদেহ। এখনও পর্যন্ত চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। ইয়েমেনের আবিয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত , আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সাল পরিযায়ী শ্রমিকরাদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এ বছর জিবুতি-ইয়েমেন জলপথে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫০ জন। শুধু মার্চ মাসেই ৪টি নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন ১৮৬ জন আফ্রিকান নাগরিক। ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা পরিযায়ী শ্রমিকরাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে গালফে যাওয়ার অন্যতম প্রধান রুট হিসেবে ইয়েমেন হয়ে যাওয়া এই জলপথ ক্রমেই মৃত্যুর পথে পরিণত হচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
