
।। রাজীব দে ।।
ঢাকা, ২১ জুলাই (হি.স.) : ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এ ঘটনায় ১৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ১৬৪ জন। আজ সোমবার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ খবর জানিয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক প্ৰকাশ করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বেলা ০১-টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দুৰ্ঘটনাগ্ৰস্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে মেয়েদের হস্টেল ভবনের দোতলায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রসাসন। তবে ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে ডিউটি অফিসার জানান।
আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ এক বৈমানিক সহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। বৈমানিক ছাড়া হতাহতদের প্ৰায় সবাই শিক্ষক ও শিক্ষার্থী বলে প্ৰাথমিকভাবে জানা গেছে। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স-এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে যাওয়া শরীর ও পোশাক থেকে সন্তান ও স্বজনের ব্যাচ থেকে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মাইলস্টোন কলেজে মেয়েদের হোস্টেল ভবনে বিমান বি;ধস্ত! বহু হতাহতের আশঙ্কা!!
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনীর প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া দুর্ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ। সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যা ব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
