বেজিং, ২৭ নভেম্বর (হি. স.) : রেললাইনে কাজ চলাকালীন কর্মীদের পিষে দিল ট্রেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। আহত হয়েছেন দু’জন।
সূত্রের খবর, এদিন সকালে চিনের ইউনান প্রদেশে রেললাইনে বসে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। সেই সময় ভূমিকম্পের তীব্রতা মাপার সরঞ্জাম পরীক্ষা করার জন্য ব্যবহৃত ওই ট্রেনটি ওই পথ ধরে আসছিল। এরপর কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভেতর একটি বাঁক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা। তবে দুপুরের মধ্যেই তা ফের স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এনিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অস্পষ্ট নিয়মকানুন এবং শিথিল নিরাপত্তা মানদণ্ডের কারণে চিনে এই ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
