মাদ্রিদ, ২৭ নভেম্বর(হি.স.): চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ফরাসি তারকা। তাছাড়া অলিম্পিয়াকোসের বিরুদ্ধে করলেন আরও এক গোল। এমবাপের ৪ গোলের পরও রিয়াল মাদ্রিদ ঘাম ঝরানো জয় পেল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের তিন গোলদাতা চিকিনিয়ো, মেহদি তারেমি ও এল কাবি।
চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অলিম্পিয়াকোসের বিপক্ষে এর আগে দুই লেগের লড়াই হিসেবে মোট আটবার দেখা হয় রিয়ালের। ঘরের মাঠে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। কিন্তু অ্যাওয়ে ম্যাচে তাদের জয় ছিল না একটিও। সেটা এবার তারা পেল।
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্বের টেবিলে পঞ্চম স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। আর আসরে এখনও পর্যন্ত জয়ের স্বাদ না পাওয়া অলিম্পিয়াকোস ২ পয়েন্ট নিয়ে আছে ৩৩ নম্বরে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
