কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ৩০ তম তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ – রাজমাতা জিজাবাই ট্রফির খেলা শনিবার থেকে শুরু হতে চলেছে নদীয়া জেলার কৃষ্ণনগরে। কাজেই দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়াম সেজে উঠেছে। আই এফ এ সূত্রে জানা গিয়েছে যে, গ্রুপ ডি – তে শনিবার সকাল ৯ টায় উদ্বোধনের সূচনা হবে। বাংলার মেয়েরা ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ। প্রথম মুখোমুখি সাক্ষাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের বিরুদ্ধেই। মাঠে নামতে প্রস্তুত বাংলার মহিলা ফুটবলাররাও। উল্লেখ্য, সংশ্লিষ্ট ওই গ্রুপে রয়েছে – দুটি দল যথাক্রমে রেলওয়েজ ও সিকিম। এদিকে, প্রথম খেলায় নামার আগেই বাংলার ২০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে, যারা চূড়ান্ত দলে রয়েছেন। আইএফএ জানিয়েছে – গুরুবারি মান্ডি, মামণি দাস, মুগলি সোরেন, মিনি রায়, ক্রেটিনা সাংমা, সরস্বতী মুর্মু, প্রতিমা মাহাতো, হেমা মুন্ডা, সুস্মিতা লেপচা, মমতা মাহাতো, সঙ্গীতা বাসফোর, পিয়ালী রায়, মৌসুমী মুর্মু, তানিয়া কান্তি, সাথী দেবনাথ, মমতা হাঁসদা, প্রিয়া রুইদাস, সিংগো মুর্মু, রিম্পা হালদার ও সুলঞ্জনা রাউল। প্রসঙ্গত, দ্বিতীয় খেলায় সিকিমের মুখোমুখি হবে রেলওয়েজ ফুটবল দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
