কলকাতা, ২৪ অক্টোবর(হি.স.):চলে গেলেন কিংবদন্তি স্পিনার ভারতের বিসেন সিং বেদি। বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া। বিশ্বকাপ চলাকালীন কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকাররাও শ্রদ্ধা জানিয়েছেন বেদিকে।ভারতের কিংবদন্তি স্পিনারকে নিয়ে শোকবার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও বিসিসিআই।
বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তনদের পাশাপাশি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ক্রিকেটাররাও স্পিনার বেদীকে নিয়ে শোকবার্তা দিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোক বার্তায় জানিয়েছেন, ‘তার প্রয়াণে আমি গভীর ভাবে দুঃখিত।তিনি ছিলেন একজন মহান ক্রিকেটার। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি হলো।’
কিংবদন্তি বিষেণ সিং বেদীকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন মহান ক্রিকেটার অবশ্যই। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বও।’
গৌতম গম্ভীর লিখেছেন, ‘বিষেণ সিং বেদীজির প্রয়াণে খুবই দুঃখিত। ক্রিকেটে তাঁর অবদান আজীবন মনে থাকবে।’
মহম্মদ আজহারউদ্দিনও তার শোকবার্তায় লিখেছেন,’বেদিজীর প্রয়াণে আমি গভীরভাবে দুঃখিত।’
প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান লিখছেন, ‘ভারতীয় ক্রিকেটের ছিলেন অন্যতম সেরা। তার চলে যাওয়াটা ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।’
ভারতের প্রাক্তন উইকেট কিপার তথা ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বেদী সম্পর্কে লিখেছেন, ‘ তার চলে যাওয়াটা ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি’।
শিখর ধাওয়ান বেদী সম্পর্কে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে মিস করব।’
ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ লিখেছেন, ‘বিষেণ সিং বেদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ভারতের সেরা বোলারদের তালিকায় আজীবন থাকবেন।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
