দুর্গাপুর, ২৪ জুন (হি. স.) : কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে সিপিএমের অবরোধকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। অবরোধ তুলতে যাওয়ায় পুলিশের সঙ্গে বামকর্মী সমর্থকদের বচসা থেকে ধস্তাধস্তি। মঙ্গলবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল দূর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশবাহিনী।
প্রসঙ্গত, সোমবার ছিল কালীগঞ্জ উপনির্বাচনের গননা। ফলফলে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর আনন্দউচ্ছাস শুরু করে। তখনই বোমাবাজিও হয় বলে অভিযোগ। আর ওই বোমার আঘাতে তামান্না খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে সিপিএম কর্মী সমর্থকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। হাতাহাতি থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্তরে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় ৩০ মিনিট ধরে চলে উত্তেজনা। সিপিএমের নেতা সিদ্ধান্ত বসু বলেন,তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হয়েছে নাবালিকার। আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি। কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোন ব্যবস্থা নেয় না। তারই প্রতিবাদে বিক্ষোভ চলছিল। পুলিশ বাধা দিতে এসেছিল তাই প্রতিরোধ করেছি।
—————
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা
