গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি : গুয়াহাটি দূরদৰ্শন কেন্দ্ৰে সংবাদ প্ৰযোজনা কক্ষের উদ্বোধন করেছেন কেন্দ্ৰীয় তথ্য ও সম্প্ৰচার এবং যুব পরিক্ৰমা ও ক্ৰীড়া দফতরের মন্ত্ৰী অনুরাগ সিং ঠাকুর। উদ্বোধিত সংবাদ প্রযোজনা কক্ষটি অত্যাধুনিক মাল্টি মিডিয়া সুবিধাযুক্ত। এর মাধ্যমে ডিডি নিউজ অসমে সংবাদ প্ৰযোজনার মান উন্নত করার পাশাপাশি ভবিষ্যতে নিউজ বুলেটিন সম্প্রচারে সময়ও বাড়বে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্ৰদত্ত বক্তব্যে কেন্দ্ৰীয় মন্ত্ৰী অনুরাগ সিং ঠাকুর বলেন, সংবাদ প্ৰযোজনা কক্ষে বৰ্ধিত সুযোগ-সুবিধার সংবলিত হওয়ায় চ্যানেলটি এই অঞ্চলের জনসাধারণকে সঠিক সময় মানসম্পন্ন তথ্য প্ৰদান করতে সক্ষম হবে। তিনি বলেন, বৰ্তমান সরকার অ্যাক্ট-ইস্ট নীতির প্ৰতি সর্বদা আগ্ৰহী। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এই অঞ্চলকে অষ্টলক্ষ্মী বলে গণ্য করেন। তিনি উত্তর-পূৰ্বাঞ্চলের সার্বিক উন্নয়নে সৰ্বোচ্চ অগ্ৰাধিকার দিচ্ছেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্ৰচার দফতরের মন্ত্ৰী অনুরাগ সিং ঠাকুর প্ৰসার ভারতী, প্ৰেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্ৰীয় যোগাযোগ ব্যুরোর জ্যেষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পৰ্যালোচনা বৈঠকে অংশগ্ৰহণ করেছেন। বৈঠকে আধিকারিকরা এ বছরের মধ্যে সংশ্লিষ্ট প্ৰতিষ্ঠানগুলির গৃহীত কাজকর্মের খতিয়ান দিয়েছেন।
এর আগে আজ সকালে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করে অনুরাগ সিং ঠাকুর সোজা চলে যান মা কামাখ্যা মন্দিরে। সেখানে মায়ের পুজো দিয়েছেন। পরে সন্ধ্যায় চলে যান সরুসজাই প্রকল্পের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ‘চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে।
