কলকাতা, ৮ ফেব্রুয়ারি : সারদাকাণ্ডের আরও একটি মামলায় তৃণমূলের অন্যতম মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে নির্দোষ বলল সাংসদ-বিধায়ক বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলেই রায় দেয় আদালত।
২০১৩ সালে দায়ের হওয়া পার্ক স্ট্রিট থানার এই মামলায় কুণালকে অভিযোগমুক্ত হিসাবে রায় দিয়েছেন বিচারক জয়শঙ্কর রায়। কুণালের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সারদার আরেকটি মামলায় স্বস্তি পান কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের সিট প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে। সেই মামলা খারিজ করে দেয় এমপি এমএলএ আদালত। যে ধারায় মামলাগুলি করা হয়েছিল, তাতে কুণাল ঘোষের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেই জানিয়েছিলেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। লক্ষ্মীবারে আরও একটি মামলাতেও স্বস্তি হল তৃণমূল নেতার। রায় ঘোষণার পর কুণাল তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় শুধু বলেছেন, ‘‘ঈশ্বর আছেন!’’
