ওয়াশিংটন, ২৯ জানুয়ারি (হি.স.) : এবার আমেরিকার সঙ্গেও নতুন করে ঝামেলায় জড়ালো ইরান। ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে জর্ডানে আমেরিকার সৈনিকদের হত্যার অভিযোগ উঠেছে। ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন মার্কিন সেনা। জখম হয়েছেন আরও অনেকে। এরপরই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । এই ঘটনায় আমেরিকা যে চুপ করে বসে থাকবে না, তা স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, যারা দোষী, তাদের শাস্তি দেওয়া হবে।
রবিবার সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানে একটি ড্রোন হামলা হয়। জানা গিয়েছে, আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা করা হয়েছিল। এই হামলায় সরব হয়েছে আমেরিকা। কারণ ইজরায়েল এবং হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এটাই আমেরিকার উপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বাইডেন গতকাল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে বলেন, ‘এই দিনটি আমাদের জন্য কঠিন ছিল। গত রাতে আমরা আমাদের তিনজন সাহসী সৈনিককে হারিয়েছি। আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আমরা চুপ থাকব না। এর জবাব দেবই।’ হামলার পেছনে ইরান সমর্থিত গোষ্ঠীর হাত আছে বলেও একটি বিবৃতিতে জানিয়েছেন বাইডেন। নাম না করেও যে তিনি ইরানের বিরুদ্ধেই কড়া বার্তা দিতে চেয়েছেন, তা স্পষ্ট।- হিন্দুস্থান
