আগরতলা, ২ জানুয়ারি (হি.স.) : ফের চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার বাসভবন ঘেরাও করেছেন টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীরা৷ মঙ্গলবার দুপুরে ফ্ল্যাক্স ফেস্টুন নিয়ে টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন৷ সেখানে কর্তব্যরত পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন৷ এ নিয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে৷
জানা গিয়েছে, এদিন দুপুরে টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হন৷ পরে তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বিষয়টি পুলিশকে জানান৷ পুলিশের এসডিপিও সহ বিশাল সংখ্যায় নিরাপত্তা কর্মীরা সেখানে পৌঁছেন৷
আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ এনিয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়৷ অভিযোগ উঠেছে, পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা আন্দোলনকারীদের ফ্ল্যাক্স ফেস্টুন পোস্টার এবং প্লেকার্ড ছিড়ে ফেলে দিয়েছেন৷ এই ঘটনায় অনেকটা আশাহত হয়েছেন বেকার যুবক–যুবতীরা৷
আন্দোলনকারীদের বক্তব্য, ২০২২ সালে ৩৬১ জন বেকার যুবক–যুবতী টেট উত্তীর্ণ হয়েছেন৷ কিন্তু তাঁদেরকে নিয়োগ করা হচ্ছে না৷ তাঁদের নিয়োগ করার ক্ষেত্রে শিক্ষা দপ্তরের সমস্যা কোথায় সেটা জানার জন্য শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার জন্য আবেদন জানানো হচ্ছে৷ মুখ্যমন্ত্রী দেখা করছেন না৷ নিয়োগের ব্যাপারে দপ্তরের সমস্যা কোথায় সেটা জানার জন্যই তাঁদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা ও ঘেরাও৷
যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলের শিক্ষক স্বল্পতার দরুন আন্দোলন হচ্ছে সেখানে টেট উত্তীর্ণ হয়ে বসে থাকা ৩৬১ জন বেকার যুবক–যুবতীকে নিয়োগ করা হচ্ছে না৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
