ব্রাসিলিয়া, ১ জানুয়ারি(হি.স.): সদ্য বিদায়ী বছরটিতে নেইমার জুনিয়র আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন। মরসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে সান্তোসকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন। তবে, ডিসেম্বরের শেষ দিকে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমনকি তার আবার ইউরোপে ফিরে যাওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে বছরের শেষ দিনে।
সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার। আরও এক বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার জুনিয়র। ২০২৬ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকছেন নেইমার।
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তির খবরটি জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে ক্লাব বা নেইমার কেউই এখনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেননি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
