মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে দুই দল মিলিয়ে রান উঠেছে মোট ৭২৪। সেঞ্চুরি করেছেন তিন জন। প্রথম ব্যাটসম্যান হিসেবে শতকের ‘ফিফটি’ করে বিরাট কোহলি গড়েছেন ইতিহাস। তবে, সবাইকে ছাপিয়ে ম্যাচের সেরা শামি। ওয়াংখেড়েতে ব্যাটিং স্বর্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ৭০ রানে জয়ের ম্যাচে শামি ৭ উইকেট নিয়েছেন ৫৭ রান দিয়ে। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই প্রথম ভারতীয় বোলার হিসেবে ৭ উইকেটের স্বাদ পেলেন তিনিই।
এক দিনের সংস্করণে ভারতের আগের সেরা বোলিং ছিল স্টুয়ার্ট বিনির ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে চার রানে ৬ উইকেট। আর বিশ্বকাপে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল আশিস নেহরার ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে। তিনি ৬ উইকেট নিয়েছিলেন ২৩ রান দিয়ে। শামি পঞ্চম বোলার হিসাবে বিশ্বকাপে ৭ উইকেট পেলেন। তবে তিনি ছাপিয়ে গেছেন আগের চার জনকে। বিশ্বকাপের নকআউট পর্বে এই স্বাদ পাওয়া প্রথম বোলার যে তিনিই। এতদিন নকআউট পর্বে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোরের। ১৯৭৫ সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
তাছাড়া শামি প্রথম বোলার হিসেবে এক বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন। সব মিলিয়ে বিশ্ব মঞ্চে পাঁচ উইকেট পেলেন চারবার। এটিও কোনো বোলারের সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন তিনবার এই স্বাদ পাওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। শামির এবারের বিশ্বকাপে মোট শিকার এখন পর্যন্ত ২৩টি ৬টি ম্যাচ খেলেই।ভারতের বোলারদের মধ্যে এক আসরে রেকর্ড এটি। ২০১১ সালে ধোনির ভারতকে চ্যাম্পিয়ন করার পথে জাহির নিয়েছিলেন ২১ উইকেট। উল্লেখ্য এক বিশ্বকাপে শামির চেয়ে বেশি উইকেট আছে অস্ট্রেলিয়ার দুজনের। ২০০৭ বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রা ২৬টি ও ২০১৯ বিশ্বকাপে স্টার্ক নিয়েছিলেন ২৭ উইকেট।
হিন্দুস্থান সমাচার /শান্তি
