রাওয়ালপিন্ডি, ২৯ নভেম্বর (হি.স.) :
পাকিস্তান সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভালো সময়ই কাটছে। বৃহস্পতিবার স্বাগতিকদের হারিয়ে তারা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে। এমন সময়েও মন ভালো নেই দলটির ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের। কারণ দেশে বন্যা ও ভূমিধস।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় শ্রীলঙ্কার ৫৬ জন মানুষ মারা গেছেন। অনেকে নিখোঁজ। খবরে বলা হয়েছে দেশটির ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থতিতে দেশটিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং দেশের কিছু অংশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
এমন অবস্থায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান সফরের সম্পূর্ণ অর্থ, এমনকি ম্যাচ ফিও ক্ষতিগ্রস্তদের দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনাৎ জয়াসুরিয়ার শিষ্যরা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
