
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি. স.) এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এই দুই দেশের সঙ্গে ভারতের সময়ের তফাৎ অনেক। সুতরাং বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতের দর্শকদের রাত জাগতে হবে।
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের সময়ের দূরত্বটা যদি উদাহরণ দিয়ে বলা যায় তাহলে দেখা যাবে নিউ ইয়র্কের থেকে ১০ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি। এই বিশাল সময়ের ব্যবধানকে সূচি তৈরির সময় মাথায় রাখতে হচ্ছে আয়োজকদের। ক্রিকেটদর্শকদের একটা বড় অংশ ভারতীয়, স্পন্সরদের অধিকাংশ’ও ভারতীয়। তাই লাভের আশায় আইসিসি’কে ভারতের জনতার কথা ভেবেই ম্যাচের সময় নির্দিষ্ট করতে হচ্ছে। এখনও অবধি জানা যাচ্ছে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে আয়োজিত হবে টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ। রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ৭টি ম্যাচ। বাকি ১৪ ম্যাচ দেখতে ভোররাতে অ্যালার্ম দিয়ে উঠতে হবে ভারতবাসীকে। ভোর সাড়ে চারটের সময় রয়েছে সেগুলি। সময়ের বাধা যে অনুরাগীদের ক্রিকেটপ্রেমের পথে অন্তরায় হবে না, সে বিষয়ে অবশ্য দ্বিধাহীন আয়োজকেরা।
হিন্দুস্থান সমাচার / কাকলি
