টোকিও, ১০ আগস্ট (হি.স.) : জাপানের হয়ে ৭৬ ম্যাচে ৭৫ গোল করা রেকর্ড গোলদাতা কুনিশিগে কামামোতো প্রয়াত হলেন রবিবার। তাঁর বয়স হয়েছিল ৮১।
প্রাক্তন এই ফরোয়ার্ড সামুরাই ব্লু-এর হয়ে ১৩ বছর খেলেছেন এবং তাঁর পুরো ক্লাব কেরিয়ারটি ইয়ানমার ডিজেলে কাটিয়েছেন, যা বর্তমানে সেরেজো ওসাকা নামে পরিচিত।
জাপানি ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি কামামোতো কুনিশিগে কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং ১০ আগস্ট ভোরে নিউমোনিয়ার কারণে ওসাকা প্রিফেকচারের একটি হাসপাতালে মারা যান।”
১৯৬৮ সালের অলিম্পিকে কামামোতো জাপানকে ব্রোঞ্জ পদক জিততে সাহায্য করেছিলেন, যেখানে তিনি ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন – যা এখনও পর্যন্ত পুরুষদের ফুটবলে দেশের সেরা প্রাপ্তি।
২০০৫ সালে, তিনি জাপান ফুটবলের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
