শান্তি রায় চৌধুরী
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.): ব্রজেন দাস একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ব্রজেন দাসের জন্ম মুন্সীগঞ্জ জেলার ঐতিহাসিক বিক্রমপুর এলাকার কুচিয়ামোড়া গ্রামে আজকের দিনে। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রজেন ঢাকার কেএল জুবিলি হাই স্কুল থেকে ১৯৪৬ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও বিএ পাস করেন। ছেলেবেলা থেকেই সাঁতারে তার দারুণ উৎসাহ ছিল। সাঁতারে হাতেখড়ি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীতে। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। সর্বশেষ ১৯৬১ সালে ১০ ঘণ্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বহু সম্মানে ভূষিত হন এপার ওপার বাংলা থেকে।
‘বাংলার আবার এপার ওপার হয় নাকি!’ এই কথাটা ব্রজেন দাসেরও বারবার মনে হতো। অনেক জায়গায় বলেওছেন তিনি, তাঁর পরিচয় ‘বাঙালি’, যার জীবন শুরু হয়েছিল ঢাকায়, শেষ হয় কলকাতায়। মাঝখানের বছরগুলোয় একজন কিংবদন্তির আরও কৃতিত্ব স্থাপনের সময়। ১৯৬১ সালে কুইন এলিজাবেথের সঙ্গে দেখা করার সময়ও বাঙালির জয়ই দেখেছিলেন তিনি। তাঁর বাংলার নদী যে শিখিয়েছে তাঁকে লড়তে! সেই বরেণ্য সাঁতারুটি আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৯৬ বছর।
হিন্দুস্থান সমাচার।
